এন্টারটেইনমেন্ট ডেস্ক: আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘অ্যাভাটার’। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তির পাশাপাশি ঢাকায় স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ নির্মাতা জেমস ক্যামেরনের হাত ধরে বিশ্ব সিনেমায় নতুন মাত্রা যোগ করে এবং প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় পর্ব ‘দ্য ওয়ে অব ওয়াটার’ আয় করে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। তিন বছর পর দর্শকদের সামনে আসছে নতুন পর্বটি।
সম্প্রতি লন্ডনে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। সমালোচক কোর্টনি হাওয়ার্ড বলেন, অ্যাভাটার ৩ মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে সিনেমা দেখা জরুরি। কলাইডারের পেরি নেমিরফের ভাষায়, প্যানডোরায় ফিরে যাওয়ার অনুভূতি তৈরি করে এই ছবি।
নতুন সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে সুলি পরিবার। আগের পর্বে নেটেয়ামের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাদের সামনে আসে নতুন সংকট। এবার নাভি জাতির এক ভিন্ন রূপ—‘অ্যাশ পিপল’কে তুলে ধরা হয়েছে।
জেমস ক্যামেরন বলেন, এবার আমি নাভিদের আরেকটি দিক দেখাতে চাই। এতদিন তাদের শুধু ইতিবাচক দিক দেখানো হয়েছে। এই পর্বে সেই চিত্র বদলাবে।
ভিজ্যুয়াল ও অ্যাকশনেও ছবিটি নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। সিনেমায় অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালডানা ও ওনা চ্যাপলিন।
রিপোর্টার্স২৪/বাবি