রাবি প্রতিনিধি: দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একই সঙ্গে নিউ এজের সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনাকেও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে রাবিসাস সভাপতি ইরফান তামিম ও সাধারণ সম্পাদক সাজিদ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের পরও সংবাদমাধ্যমে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং একটি গোষ্ঠীর ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা মনে করেন, গণমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়।
বিবৃতিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় রাবিসাস।
রিপোর্টার্স২৪/বাবি