এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় সিনেমার শতবর্ষী ইতিহাসে বহু তারকার নাম আলোচিত হলেও পর্দার আড়ালে থাকা কিছু মানুষ ছাড়া এই শিল্প কল্পনাই করা যায় না। তেমনই একজন কিংবদন্তি চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার।
১৯৪৫ সালে জন্ম নেওয়া জাভেদ আখতার মাত্র ১৯ বছর বয়সে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসেন। লক্ষ্য ছিল গুরু দত্তের সহকারী হওয়া। কিন্তু মুম্বাই পৌঁছানোর এক সপ্তাহের মধ্যেই গুরু দত্তের মৃত্যু হলে সেই স্বপ্ন ভেঙে যায়।
সংগ্রামের শুরুতে মাসে মাত্র ৫০ টাকা বেতনে কামাল আমরোহির সহকারী হিসেবে কাজ করেন তিনি। জীবিকার সংকটে বহু রাত কাটিয়েছেন রেলস্টেশন, পার্ক ও স্টুডিও করিডোরে। দাদর থেকে বান্দ্রা পর্যন্ত হেঁটেও যেতে হয়েছে খাবারের টাকার অভাবে। তবু নিজের নামের মর্যাদা রক্ষায় ঘোস্টরাইটার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন।
পরিচালক এস এম সাগরের ছবিতে কাজ করতে গিয়ে অভিনেতা সেলিম খানের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখান থেকেই জন্ম নেয় ঐতিহাসিক লেখক জুটি ‘সেলিম-জাভেদ’। পরে ‘জঞ্জির’ ছবিতে অমিতাভ বচ্চনকে নায়ক হিসেবে বেছে নিয়ে তাঁরা বদলে দেন হিন্দি সিনেমার ধারা। জন্ম নেয় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ভাবনা।
জাভেদ আখতার প্রমাণ করেছেন, সিনেমা শুধু তারকার আলো নয়—গল্পকারের কলমই অনেক সময় ইতিহাস গড়ে। রেলস্টেশনে ঘুমানো সেই যুবক আজ ভারতীয় সিনেমার পর্দার আড়ালের এক অনস্বীকার্য নায়ক।
রিপোর্টার্স২৪/বাবি