রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার নজর কাড়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছুটির মুহূর্তের কিছু ছবি। বর্তমানে মিম ছুটিতে রয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।
মালদ্বীপের নীল জলরাশি ও শান্ত পরিবেশে কাটানো কিছু মুহূর্ত মিম ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা-হলুদ রঙের কাঠগোলাপ।
ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই লাক্স সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ, পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেস। তার মোহময়ী দৃষ্টি আর মিষ্টি হাসি ছবিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসি, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে নিজেকে ফ্রেমবন্দি করেছেন তিনি।
প্রিয় তারকার এমন স্নিগ্ধ রূপে মুগ্ধ নেটিজেনরা। মিমের কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। একজন লিখেছেন, “একসাথে যেন ফুটেছে দুটি ফুল।” আরেকজন মন্তব্য করেছেন, “কাঠগোলাপের চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগছে।”
মিম ২০০৭ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে ধারাবাহিকভাবে কাজ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা