রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ছয়জন ডিন তাদের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে তারা দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে আলোচনার পর ডিনরা স্বেচ্ছায় দায়িত্ব পালন না করার কথা জানান।
এবিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম এক্রাম উল্ল্যাহ বলেন, দিনে কী ঘটেছে তা বিস্তারিত বলতে পারছি না। তবে আমরা স্পষ্টভাবে জানিয়েছি আর দায়িত্বে থাকতে আগ্রহী নই।
এদিকে বিষয়টি জানতে একাধিকবার উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে, সকাল ১০টার দিকে ছয় ডিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে অবস্থান নেয়। এ সময় ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে থাকা সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে ওই দিন কোনো ডিন কিংবা বিভাগের শিক্ষককে ক্লাসে উপস্থিত থাকতে দেখা যায়নি।
পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরে গিয়ে তাদের দাবির কথা জানান। সেখানে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবন না ছাড়ার ঘোষণা দেন। একপর্যায়ে রেজিস্ট্রার ভবনের পাশাপাশি উপ-উপাচার্য ও প্রক্টরের দপ্তরেও তালা দেওয়া হয়।
প্রায়আধা ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। এরপর উপ-উপাচার্য, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসকের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় রাতের দিকে পুনরায় সভা ডাকার ঘোষণা দিয়ে আলোচনা শেষ করা হয়।
বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে আওয়ামীপন্থী হলুদ প্যানেলের প্রার্থীরা ডিন হিসেবে নির্বাচিত হন। গত বুধবার এসব ডিনের নির্ধারিত মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন উপাচার্য।
রিপোর্টার্স২৪/এসসি