রিপোর্টার্স বিনোদন ডেস্ক: রিপোর্টার্স২৪ ডেস্ক: এক সময় টেলিভিশন নাটক ও সিনেমার পর্দায় নিয়মিত উপস্থিত ছিলেন আফসান আরা বিন্দু। সৌন্দর্য, সাবলীল অভিনয় আর পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। তবে জনপ্রিয়তার মধ্যেই হঠাৎ করে আড়ালে চলে যান এই অভিনেত্রী, যা দীর্ঘদিন ধরে দর্শকের কৌতূহলের জন্ম দেয়।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে নিজের অভিনয়জীবনের পাশাপাশি বহুদিনের আলোচিত প্রশ্ন—আরিফিন শুভর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেন বিন্দু।
একাধিক নাটক ও প্রজেক্টে আরিফিন শুভর সঙ্গে বিন্দুর পর্দার রসায়ন দর্শকের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সেই রসায়ন থেকেই একসময় দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও তখন প্রকাশ্যে বিষয়টি নিয়ে কেউই স্পষ্টভাবে কথা বলেননি। ২০১৪ সালের পর ধীরে ধীরে বিন্দু অভিনয় থেকে সরে যান এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়ে পড়েন প্রায় নিঃশব্দ।
দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৩ সালে ওয়েব ফিল্ম ‘উনিশ২০’–তে আবারও আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন বিন্দু। পুরোনো সেই রসায়ন নতুন করে আলোচনায় আসে এবং দর্শকের প্রশংসাও কুড়ায়। তবে এরপরও নিয়মিত অভিনয়ে ফেরেননি তিনি।
পডকাস্টে শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে বিন্দু বলেন, পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন সত্যিই খুব ভালো ছিল। কারণ আমরা একে অপরকে ভালো বুঝতাম।
কিন্তু প্রেম ও বিচ্ছেদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা থমকে যান অভিনেত্রী। হালকা হাসি দিয়ে বলেন, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এটা কিন্তু খুব বিপজ্জনক প্রশ্ন!
কিছুক্ষণ নীরব থাকার পর বিন্দু আরও বলেন, কেন সম্পর্কটা টেকেনি এর সঠিক উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হবে, এমন কোনো নিয়ম তো নেই। তখন আমরা কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। কাজের বাইরে অত কিছু ভাবার সুযোগই ছিল না।
ভবিষ্যতে আবার আরিফিন শুভর সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই আগ্রহী। সবকিছু অনুকূলে থাকলে আবারও এই জনপ্রিয় জুটিকে দর্শকের সামনে আনতে চান তিনি।
প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিন্দু। ক্যারিয়ারের শুরুতেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।
পরবর্তীতে ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’, ‘এই তো প্রেম’এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন। বিশেষ করে শাকিব খানের বিপরীতে ‘এই তো প্রেম’ সিনেমায় তার অভিনয় ছিল ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। পাশাপাশি ছোট পর্দার নাটকেও নিয়মিত কাজ করেছেন তিনি।
এক সময় টানা কাজ করলেও পরে নিজেকে গুটিয়ে নেন বিন্দু। বর্তমানে খুব কম কাজ করছেন এই অভিনেত্রী। তবে দীর্ঘ নীরবতার পর পডকাস্টে তার এই খোলামেলা উপস্থিতি দর্শকের মাঝে তাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম