রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পদত্যাগ’ করা ছয়জন ডিনের শূন্য পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্য ও দুই উপ-উপাচার্যকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।
তিনি জানান, অনুষদগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই সাময়িক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রেজিস্ট্রার জানান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের দায়িত্ব পালন করবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন অনুষদের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিনকে।
আর সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভূবিজ্ঞান অনুষদের দায়িত্বে থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।
উল্লেখ্য, রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের প্রেক্ষিতে গতকাল ছয়জন আওয়ামীপন্থি ডিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
রিপোর্টার্স২৪/এসএন