| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদলকে ‘চাচা’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি রাকসু জিএসের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ২১:৫২:২৭:অপরাহ্ন  |  ৮৫২৩৩৭ বার পঠিত
ছাত্রদলকে ‘চাচা’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি রাকসু জিএসের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার দাবি করেছেন, ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তার বক্তব্যে বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি ছাত্রদলকে উদ্দেশ করে  ‘চাচা’ ও ‘চান্দাভাই’ শব্দ ব্যবহার করেন এবং কঠোর বার্তাও দেন। 

সোমবার(২২ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। 

পোস্টে সালাহউদ্দিন আম্মার বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা কেউ ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ বক্তব্যের পরই বিএনপি ও ছাত্রদল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বলে তার অভিযোগ। তিনি আরও দাবি করেন, ছাত্রলীগ ও ছাত্রদলের ভাষা প্রায় একই রকম হয়ে গেছে এবং বিএনপিপন্থী কিছু শিক্ষক উপাচার্যের কাছে অভিযোগ করেছেন যে তারা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছেন। 

তিনি লেখেন, ছাত্রদলের এক শীর্ষ নেতা নাকি উপাচার্যের চেয়ারসহ সবকিছু পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সে তুলনায় নিজের বক্তব্য বড় কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনায় বিএনপির তথাকথিত চেতনাবাদীদের কোনো প্রতিবাদ কেন দেখা যায়নি। 

ছাত্রদলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাকসু জিএস বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অবস্থান করে যারা শিক্ষার্থী পরিচয়ের অপব্যবহার করছেন, তারা যেন আর ক্যাম্পাসের বোঝা হয়ে না থাকেন। কয়েক বছর বা এক যুগ ধরে কোনো ইতিবাচক অবদান না রেখে ক্যাম্পাসে পড়ে থাকার সমালোচনাও করেন তিনি। 

গঠনতন্ত্র অনুযায়ী নিজের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, রাকসুতে অছাত্র বা মেয়াদোত্তীর্ণ কেউ যেন আর প্রবেশ না করে। তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রয়েছে, রাকসুতে নয়। 

সবশেষে সালাহউদ্দিন আম্মার বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এবং সাহস থাকলে প্রতিপক্ষকে সামনে আসার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪