জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আগে স্বাস্থ্যসম্মত খাবার ও আবাসন সংকট নিরসনকে অগ্রাধিকার দিয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ইশতেহার পাঠ করেন। ১৩ দফার মধ্যে রয়েছে—ক্যাম্পাস নিরাপত্তা, আবাসন সমস্যা সমাধান, অবকাঠামো উন্নয়ন, পরিবহন ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক সেবা দ্রুততর করা, কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা।
সংবাদ সম্মেলনে তিন স্বতন্ত্র ভিপি প্রার্থী—চন্দন কুমার দাস, রাকিব হাসান ও মাশরুফ আহম্মেদ—রাকিবকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন এবং নেতৃত্বের ঐক্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
রিপোর্টার্স২৪/বাবি