এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা দাবি করেছেন, তাঁর ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ অনুকরণ করে একই নামের সিনেমা নির্মাণ করা হয়েছে। এ অভিযোগে তিনি করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
নীরজ ঘেওয়ান পরিচালিত এবং ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত ছবিটি ঘিরেই এই বিতর্ক। শিগগিরই বম্বে হাই কোর্টে মামলা দায়ের করবেন বলে জানান পূজা। তাঁর ভাষ্য অনুযায়ী, মামলার আগে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ছবির নির্মাতারা দাবি করেছেন, কাহিনিটি সাংবাদিক বশারত পীরের ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। তবে পূজার অভিযোগ, ছবির দ্বিতীয়ার্ধে তাঁর উপন্যাসের দৃশ্য, সংলাপ, ঘটনার ক্রম ও সৃজনশীল উপাদান স্পষ্টভাবে ব্যবহৃত হয়েছে।
আইনি প্রতিকার হিসেবে তিনি ছবিটির বিতরণ বন্ধ, শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ দাবি করবেন বলে জানান।
এ বিষয়ে ধর্মা প্রোডাকশনস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে।
উল্লেখ্য, ‘হোমবাউন্ড’ চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। পরে ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বর্তমানে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে।