রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ধর্মের নামে সহিংসতা ও বৈষম্যের কড়া সমালোচনা করেন এবং প্রশ্ন তুলেন, বাংলাদেশ কি কেবল একটি ধর্মের দেশ?
অভিনয়ের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বরাবরই সরব চমক এবার প্রতিবাদ জানান ভালুকার নৃশংস ঘটনার বিরুদ্ধে। তিনি পোস্টে লিখেছেন, অন্য ধর্মাবলম্বীদেরও সমান অধিকার ও সুযোগ নিশ্চিত না করা হলে সাম্প্রদায়িক একপাক্ষিক বর্ণনা বন্ধ হবে না।
চমক স্পষ্ট করে বলেন, সব ধর্ম ও পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হবে। তিনি ধর্মের নাম ব্যবহার করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকে প্রকৃত ধর্ম হিসেবে মানতে নারাজ। তার মতে, সৃষ্টিকর্তার নামে মানুষ হত্যা করা ধর্ম নয় বরং এটি ক্ষমতা ও অর্থ লুটের হাতিয়ার।
তিনি আরও লিখেছেন, স্রষ্টা পৃথিবীতে নানা ধর্ম ও পরিচয়ের মানুষকে সহাবস্থানের সুযোগ দিয়েছেন। তাই ধর্মের অজুহাতে কাউকে হত্যা করার কোনো অধিকার কারও নেই। যারা এমন কাজ করে, তাদের কাছে ধর্ম কেবল ব্যবসা ও ক্ষমতার মাধ্যম।
চমকের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমর্থন জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে আর কোনো প্রতিক্রিয়া জানাননি।
রিপোর্টার্স২৪/ঝুম