| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু জিএসের আচরণে ক্ষুব্ধ শিক্ষকরা,জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৩:৪২:১৭:অপরাহ্ন  |  ৩৪০৩০৪ বার পঠিত
রাকসু জিএসের আচরণে ক্ষুব্ধ শিক্ষকরা,জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের আচরণে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি অভিযোগ করেছে, তার অশালীন ভাষা ব্যবহার, হুমকি ও প্রশাসনিক দপ্তরে তালা দেওয়ার মতো কর্মকাণ্ডে ক্যাম্পাসে ভীতিকর ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আমীরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, রাকসু জিএস শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে অশোভন ভাষায় বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন দপ্তরে তালা দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিক্ষক ফোরাম জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাকে তারা স্বৈরতান্ত্রিক আচরণ হিসেবে উল্লেখ করেন।

ডিনদের মেয়াদ ও দায়িত্ব প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। ডিনদের মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাদেশ অনুযায়ী দায়িত্ব অর্পণ করেছেন, যা আইনসিদ্ধ। এ নিয়ে ডিনদের বিরুদ্ধে হুমকি ও অপমান অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলবে। একজন শিক্ষার্থীর কাজ প্রশাসনের ভূমিকা পালন করা বা মব তৈরি করা নয়।

অন্যদিকে, শিক্ষক ফোরামের বিবৃতির জবাবে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি শিক্ষক সমাজের একটি অংশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

এর আগে সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে অনুদানের নামে চাঁদা চাওয়া, প্রশাসনিক ভবনে তালা দেওয়া, শিক্ষক ও উপাচার্যকে অবরুদ্ধ করা, কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়া এবং গণমাধ্যম বন্ধের হুঁশিয়ারির মতো একাধিক অভিযোগ উঠে আসে।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনদের পদত্যাগের দাবিতে দপ্তরে তালা দেওয়া ও শিক্ষক অপমানের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটি ক্যাম্পাসে মব সংস্কৃতি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪