বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার পড়েছেন এক বিব্রতকর পরিস্থিতিতে। দিল্লির একটি রেস্তোরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় তাকে গোপনে ভিডিও করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেন ঋষভ শেঠিয়া নামের এক ব্যক্তি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, আপনাদের কী মনে হয়? আমার মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভিডিওটির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয় জ্যাকুলিনের জনপ্রিয় গান চিটিয়া কালাইয়া।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে জ্যাকুলিনের। পুরো ঘটনাকে হালকা মেজাজে নিয়ে অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া জানান। হাসির ইমোজি ব্যবহার করে তিনি লেখেন, হ্যাঁ, এটা আমিই। তার এই সরল ও ইতিবাচক প্রতিক্রিয়া অনেকের নজর কাড়ে।
তবে অভিনেত্রী বিষয়টিকে সহজভাবে নিলেও নেটিজেনদের একটি বড় অংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও বিতর্ক। অনেকেই মন্তব্য করেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করা অনুচিত এবং এটি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।
কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন একজন তারকা ভদ্র আচরণ করছেন বলেই কি তার ব্যক্তিগত সময় গোপনে ক্যামেরাবন্দি করা যায়? আবার কেউ কেউ বলেন, দূর থেকে ধারণ করা হলেও সম্মতি ছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনা আবারও তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের বিষয়টি সামনে নিয়ে এসেছে।
রিপোর্টার্স২৪/ঝুম