রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের দৃশ্য যেমন নজর কেড়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তারেক রহমানের একটি পুরোনো ছবি।
তারেক রহমান দেশে ফেরার পরপরই প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশেকের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই ছবিটি নিয়ে স্মৃতিচারণা ও নানা মন্তব্য করতে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি আজকের নয় এটি বহু বছর আগের একটি স্মরণীয় মুহূর্তের। ঢাকার বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তোলা এই ছবিতে তারেক রহমান ও নায়ক মান্নাকে একসঙ্গে দেখা যায়। সে সময় দুজনই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
যদিও ছবিটি ঠিক কোন বছরের এবং কোন আয়োজনে তোলা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে ছবিটি নতুন করে আলোচনায় আসায় অনেকেই প্রয়াত নায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের সেই সময়কার সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরছেন।
উল্লেখ্য, মান্না ছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা। তার আকস্মিক প্রয়াণের বহু বছর পরও তিনি দর্শক ও অনুরাগীদের হৃদয়ে অমলিন। আর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনে এই ছবির পুনরাবির্ভাব সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়।
রিপোর্টার্স২৪/ঝুম