এন্টারটেইনমেন্ট ডেস্ক: টালিউড অভিনেত্রী পার্নো মিত্র শুক্রবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূলের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নেতা জয়প্রকাশ মজুমদার। পার্নো মিত্রকে দলীয় পতাকা হাতে ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
পার্নো মিত্র বলেন, এক সময় আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম, তবে প্রত্যাশা অনুযায়ী বিষয়টি এগোয়নি। মানুষ মাত্রই ভুল করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে নতুনভাবে কাজ করতে চাই। তার বক্তব্যে আত্মসমালোচনার সুরও লক্ষ্য করা যায়।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, পার্নো ২০১৯ সাল থেকে রাজনীতিতে সক্রিয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি, তবে তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন। সেই সময় বিজেপি একাধিক তারকা প্রার্থীকে নির্বাচনে নামিয়েছিল, যার মধ্যে পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীর মতো নাম রয়েছে।
অভিনয়জীবনে পার্নো মিত্রের শুরু ২০০৭ সালে, ছোট পর্দার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে। বড় পর্দায় ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির মাধ্যমে তিনি নজর কাড়েন। এরপর ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। টালিউড ছাড়াও ঢাকার চলচ্চিত্রে ‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে কাজ করেছেন তিনি।
পার্নো মিত্রের এই পদক্ষেপে রাজনীতিতে তার নতুন অধ্যায়ের সূচনা হলো।
রিপোর্টার্স২৪/বাবি