এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুক্তির তিন সপ্তাহ পেরিয়েও বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা ভারতের চলতি বছরের অন্যতম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রে পরিণত হয়েছে।
ভারতের বক্স অফিসে মুক্তির ২১ দিনের মধ্যে ছবিটির আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। বড়দিনের ছুটির প্রভাব ও ধারাবাহিক দর্শক আগ্রহের কারণে ব্যবসা নতুন করে গতি পেয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত সিনেমাটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ৬৩৩.৫ কোটি রুপি, এবং চলতি সপ্তাহান্তে এটি ৬৫০ কোটি রুপি ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম সপ্তাহে আয় ছিল ২০৭.২৫ কোটি, দ্বিতীয় সপ্তাহে বেড়ে দাঁড়ায় ২৫৩.২৫ কোটি রুপি। আয়ের দিক থেকে ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই ‘স্ত্রী ২’ ও ‘ছাবা’-কে ছাড়িয়ে গেছে এবং ভারতীয় বক্স অফিসে এখন কেবল শাহরুখ খানের ‘জওয়ান’ এর পেছনে অবস্থান করছে। এছাড়া বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয়ের ক্লাবে ঢোকার পথেও দ্রুত এগোচ্ছে সিনেমাটি।
ছবিতে রণবীর সিংকে দেখা গেছে হামজা চরিত্রে—একজন ভারতীয় গোয়েন্দা, যিনি করাচিভিত্তিক অপরাধী ও সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করে বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস করেন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন।
বক্স অফিসের সাফল্যের পাশাপাশি ‘ধুরন্ধর’ আলোচনার কেন্দ্রবিন্দুতেও রয়েছে এবং এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।