| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:২২:১৮:অপরাহ্ন  |  ৩০৩০১৫ বার পঠিত
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের আগে শনিবার ভোরে কিয়েভ ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। হামলার সময় সকাল ৮টা পর্যন্ত রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি ছিল। কিয়েভে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাশিয়ার হামলার প্রভাবে ইউক্রেন সীমান্তসংলগ্ন পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের রেজেসজো ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পোলিশ বিমান বাহিনী জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান মোতায়েন করে বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে হামলার আগে জেলেনস্কি জানান, ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে যুদ্ধবিরতির পর কোন অঞ্চল কার নিয়ন্ত্রণে থাকবে—এই বিষয়টি প্রধান আলোচ্য হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। তিনি দাবি করেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নিরাপত্তা নিশ্চয়তা চুক্তিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাম্প দাবি করেন, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রই মূল চালিকাশক্তি। তিনি বলেন, তাঁর অনুমোদন ছাড়া কোনো চুক্তিই কার্যকর হবে না। একই সঙ্গে শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার ইচ্ছাও প্রকাশ করেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার সবচেয়ে বড় জটিলতা হয়ে আছে ভূখণ্ড নিয়ন্ত্রণ। ইউক্রেন বর্তমান যুদ্ধরেখা অনুযায়ী সংঘর্ষ বন্ধের পক্ষে থাকলেও রাশিয়া ডনেস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। পাশাপাশি ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েও বিরোধ চলছে।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, ইউক্রেনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা রাশিয়ার সঙ্গে আলোচ্য বিষয়গুলোর সঙ্গে পুরোপুরি মিলছে না। তবে তিনি আলোচনাকে একটি ‘টার্নিং পয়েন্ট’ বলে উল্লেখ করেন।

এর আগে ক্রেমলিন জানায়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়ার উচ্চপর্যায়ের যোগাযোগ হয়েছে এবং সম্ভাব্য শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

রয়টার্স/রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪