রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বিতর্কিত পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছিলেন, জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা?।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই পোস্টটিকে অযথাযথ ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন।
সমালোচনার মুখে মিনহাজ তার পোস্ট মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘জকসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে পূর্বে করা পোস্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
তিনি আরও লেখেন, আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোস্টটির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাফিস হাসান বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সকাল থেকেই হতবিহ্বল ছিলাম। কিন্তু এই পোস্ট দেখার পর আর কিছু বলার নাই।
আরেক শিক্ষার্থী তবিবুর রহমান মন্তব্য করেন, ন্যূনতম কৃতজ্ঞতাবোধ বা ভদ্রতা থাকলে এই ধরনের কথা মুখে আসত না।
রিপোর্টার্স২৪/এসসি