জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় অনলাইনে ডাকা ১০৮তম জরুরি সিন্ডিকেট সভায় ভোটের সকল বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ভোটার ব্যতীত কেউ নির্বাচনের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এছাড়া নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ছাড়া নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।
সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, নির্বাচনের দিন ভোটার ব্যতীত কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। গত ৩০ ডিসেম্বরের দুর্বলতা চিহ্নিত করে তা সমাধান করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, প্রধান ফটক দিয়ে শুধু ভোটারদের প্রবেশ নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার জন্য ডিএমপিকে ফোর্স চাওয়ার চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ৬ জানুয়ারি আমরা জাতিকে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই। শিক্ষকরাসহ প্রশাসনের সব স্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত হয়েছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, ৬ জানুয়ারি ভোট আয়োজনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। নির্ধারিত দিনে নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
এর আগে ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক ড. মোস্তফা হাসান ও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। পরবর্তী সময়ে তফসিল সংশোধন ও ভোটের নতুন তারিখ নির্ধারণ করা হয় ৬ জানুয়ারি।
রিপোর্টার্স২৪/বাবি