জবি প্রতিনিধি: প্রতিষ্ঠার দুই দশক পর আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘদিনের অপেক্ষার এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৮টায় এবং চলবে বিকাল ৩টা পর্যন্ত। ভোট শেষে ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে গণনা করা হবে। এর আগে রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে।
নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে টহল দিচ্ছে। ক্যাম্পাস ও আশপাশ এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদে ভোটার ১৬ হাজার ৭৩৫ জন এবং হল সংসদে এক হাজার ২৪৭ জন। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ও হল সংসদের জন্য একটি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তা স্থগিত করা হয়। পরে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি