সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা ও সার্বিক শিক্ষা পরিবেশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এই সাক্ষাৎ হয় বলে জানানো হয়েছে। বৈঠকে নির্বাচন-পূর্ব ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন উপাচার্য।
এ সময় অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য।