রিপোর্টার্স২৪ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগণনায় প্রাথমিকভাবে চারটি বিভাগের ফল প্রকাশ করা হয়েছে। এসব কেন্দ্রে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস পদপ্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম এবং অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
প্রকাশিত ফল অনুযায়ী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ৪৫ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটে এগিয়ে রয়েছেন। এখানে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট। একই বিভাগে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ১১৮ ভোট, খাদিজাতুল কোবরা ৭৩ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট।
লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট। তবে এ বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব এগিয়ে রয়েছেন ১৩২ ভোট পেয়ে। জিএস পদে খাদিজাতুল কোবরা পেয়েছেন ৬২ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৬ ভোট।
ফার্মেসি বিভাগে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা তুলনামূলক বড় ব্যবধানে এগিয়ে আছেন। এখানে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৫৩ ভোট, খাদিজাতুল কোবরা ২৬ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোর ফলাফলও ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম