স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩১টি কেন্দ্রে ভোট গণনার ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৪,৩১৯ ভোট নিয়ে ৬৬৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত এ কে এম রাকিব ৩,৬৫৩ ভোট পেয়েছেন।
এছাড়াও, কেন্দ্রীয় সংসদের জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ ৪,৩৪৫ ভোট নিয়ে এগিয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা ১,৭৩৪ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ৩,৮৭২ ভোট নিয়ে শীর্ষে, আর প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল ৩,৮৭ ভোট পেয়েছেন।
এখন পর্যন্ত ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন, বাকি ৮টি কেন্দ্রে ভোট গণনার কাজ এখনও চলছে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে। কেন্দ্রীয় সংসদের জন্য মোট ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন, যেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। একই দিনে হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ভোটগ্রহণ হয়, যেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।
ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়, এবং ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু হয়। গণনার সময় গড়মিল দেখা দেওয়ায় কার্যক্রম কিছুক্ষণ বন্ধ ছিল, পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু হয়।
নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গণনার প্রতিটি ধাপে হাতে গণনা ও ওএমআর মেশিন যাচাই করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি