চুয়েট প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য পৃথকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
চুয়েটে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলেছিল গত বছরের ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ বছর পুর ও পরিবেশ কৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্র ও উৎপাদন কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টি সহ ৯৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টি আসন সংরক্ষিত আছে।
ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি চার বিষয়ে মোট প্রাপ্ত গ্রেড পয়েন্ট অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হয়েছে। এর ভিত্তিতে মোট ১৩ হাজার ৯৪২ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘ক’ গ্রুপ এবং এসব বিভাগের সঙ্গে স্থাপত্য বিভাগ যুক্ত করে ‘খ’ গ্রুপ গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্তভাবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ গ্রুপে ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপে বহুনির্বাচনী ৫০০ নম্বরের সঙ্গে মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চুয়েট কেন্দ্র ছাড়াও দুটি উপ-কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জনসহ মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা আগামী ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন জানান, “প্রস্তুতি ভালো। প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয় সভা করা হয়েছে। চুয়েট শহর থেকে দূরে হওয়ায় বাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা