| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আসন প্রতি লড়বে ৫৯ জন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৩:২২:৩৬:অপরাহ্ন  |  ৯০৯০৫১ বার পঠিত
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আসন প্রতি লড়বে ৫৯ জন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১ হাজার ৮৯৭টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি জানান, দুই শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফট সকাল ১১টায় শুরু হয়, যেখানে ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় শুরু হওয়া দ্বিতীয় শিফটে অংশ নেবেন ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী। একই সময়ে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রংপুর ও বরিশাল অঞ্চলেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গতকালের ‘সি’ ইউনিটের পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নজরে আসায় আজ প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা নিষিদ্ধ কোনো ডিভাইস রয়েছে কি না, তা কঠোরভাবে যাচাই করে এরপর কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলোতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি।

গত বছরের মতো এবারও বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ৩০ হাজার ৮৮৬টি। তিন ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪