রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের আবেদন করেছেন শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ।
রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন শুভ। এই রিটের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন দেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। সেই আলোকে শাকসু নির্বাচন এখন আইনগতভাবে অবৈধ এবং সেটি হওয়া উচিত নয়। শাকসু নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে এই রিটের কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, শাকসু নির্বাচনের প্রচারণার সময়সীমা ১২ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিলেও ১৫ জানুয়ারি থেকে শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার অনুমতি দেওয়া হয়। এর ফলে প্রার্থীদের প্রচারণা কার্যক্রমের জন্য ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচারণার সময় বাড়ানো হয়েছে। ফলে প্রার্থীরা আজ (১৮ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। এরপর ২০ জানুয়ারি সকাল ৯টায় শাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে।
রিপোর্টার্স২৪/ঝুম