রিপোর্টার্স২৪ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটের ঠিক একদিন আগে আদালতের এ আদেশে পুরো নির্বাচনী প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম জানান, আদালত আপাতত চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন। তবে নির্ধারিত সময় শেষে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিটে নির্বাচনী অনিয়ম ও প্রক্রিয়াগত ত্রুটির অভিযোগ তুলে ধরা হয়।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। শাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা। সোমবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
শুধু তাই নয়, শাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন থেকেও পদত্যাগ করেছেন বিএনপিপন্থি আটজন নির্বাচন কমিশনার। নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ এনে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তারা পদত্যাগপত্র জমা দেন। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন।
সব মিলিয়ে আদালতের আদেশ, শিক্ষক ও কমিশনারদের পদত্যাগে শাকসু নির্বাচন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও নতুন করে বিতর্ক।
রিপোর্টার্স২৪/ঝুম