| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে মন্ত্রণালয়ের সহায়তার আশ্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ০৭:০১:২৮:পূর্বাহ্ন  |  ৬৫৫৩১৩ বার পঠিত
ঢাবি কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে মন্ত্রণালয়ের সহায়তার আশ্বাস

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয় যতটুকু সম্ভব, ততটুকু সহায়তা করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের পর ঢাবির কেন্দ্রীয় মসজিদে সংস্কার-পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যে ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই ধরনের একটি বুক কর্নার স্থাপনের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভায় আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পবিত্র কুরআন শিক্ষা কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেন ড. আ ফ ম খালিদ হোসেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ডাকসু নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তত্ত্বাবধানে দীর্ঘ ৬৫ বছর পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সংস্কার কার্যক্রম হাতে নেয় ডাকসু।

সংস্কারকাজের আওতায় মসজিদে ১১০ টন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজন, উন্নত আলোর ব্যবস্থা, দুটি নতুন অজুখানা নির্মাণ, নতুন কার্পেট স্থাপন, দেয়াল রঙিনকরণ, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সম্প্রসারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে র‌্যাম্প স্থাপন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এ সংস্কারকাজে অর্থায়ন করেছে।

মসজিদ সংস্কার কার্যক্রমের সমন্বয় করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪