| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:১৩:৫৫:অপরাহ্ন  |  ১১১৫১১৮ বার পঠিত
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯০ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসব তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১৮ হাজার ৪৫২ জন এবং অ-বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১২ হাজার ৪৩৪ জন।

এ বছর ‘বি’ ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৬৪টি, যা গত বছর ছিল ৫৫৯টি। সেই হিসেবে এবার প্রতি আসনের জন্য লড়ছেন ৫৫ জন ভর্তিচ্ছু।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষার জন্য মোট আবেদনকারী পরীক্ষার্থী ছিলেন ৩০ হাজার ৮৮৬ জন। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, “আমরা কয়েকটি পরীক্ষা কক্ষ পরিদর্শন করেছি। আমাদের ধারণা, এই কেন্দ্রে ৯০ শতাংশ উপস্থিতি হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের অন্য কেন্দ্রগুলো থেকেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আজকের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হচ্ছে।”

নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, “আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলোতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে পরে কিছু জানা গেলে জানানো হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪