রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এতে প্রথম শিফটে উত্তীর্ণের হার ২৩.১৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটে উত্তীর্ণের হার ২৬.৩২ শতাংশ। চলতি বছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল ১.২৫ নম্বর। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা হয়েছে। ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয় ৪০।
প্রথম শিফটে মোট ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ৬৫৭ জন। এতে উপস্থিতির হার ছিল ৯১.১৭ শতাংশ। দ্বিতীয় শিফটে ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২ হাজার ৭৩ জন, যা শতকরা ৯০.১৬ শতাংশ।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/এসএন