ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভাসমান দোকান থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দসহ একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে।
হলপাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘চাঁদাবাজদের ঠিকানা- এই ক্যাম্পাসে হবে না’—এ ধরনের স্লোগান দেয়।
সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ক্যাম্পাসে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, নীলক্ষেত ও মেট্রোরেল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলছে। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ হওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনার মাধ্যমে সেই প্রত্যাশা ব্যাহত হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঢাবির শিক্ষার্থী রিয়াজুল ইসলাম যুবা বলেন, পূর্বে উচ্ছেদ কার্যক্রমের সময় কয়েকজন ব্যক্তি শিক্ষার্থী সেজে মিছিল করলেও বর্তমানে তাদের চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি প্রশাসনের কাছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি