| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২০:২১:২৮:অপরাহ্ন  |  ৫৯২৫০১ বার পঠিত
জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করে।

রাবি প্রতিনিধি: কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার  দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নারীদের সম্মান রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় জামায়াত ও শিবিরবিরোধী স্লোগানেও মুখরিত হয় ক্যাম্পাস।

সমাবেশে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ভাষার মাসে দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে নারীদের নিয়ে এমন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। 

নারীদের প্রতি সম্মান দেখানো কোন ভাষায় শেখাতে হবে তা আমরা বুঝে উঠতে পারছি না। রাজনৈতিক শিষ্টাচার ও সুস্থ ধারায় ফিরে আসার জন্য এমন মন্তব্যের দায় স্বীকার করা জরুরি।

তিনি আরও বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, অথচ ধর্মের কথা বলে যারা রাজনীতি করে তারাই বারবার সেই মর্যাদাকে ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, অন্যথায় তার রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

এ সময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু বলেন, ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তিকর রাজনীতির মাধ্যমে তারা কী ধরনের শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। এটি কোনো ভিন্ন দেশের বাস্তবতা নয়  বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও অন্ধ নয়।

তিনি আরও বলেন, ইসলামে মায়ের মর্যাদা সর্বোচ্চ, সেখানে নারীদের নিয়ে অবমাননাকর তুলনা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪