| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মস্কোতে শীর্ষ রুশ জেনারেল গুলিবিদ্ধ, ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২১:৪৪:৪৯:অপরাহ্ন  |  ৬০৯৫১৩ বার পঠিত
মস্কোতে শীর্ষ রুশ জেনারেল গুলিবিদ্ধ, ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ কয়েক দফায় গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের ভোলোকোলামস্ক হাইওয়ের কাছে একটি ভবনে গুলি চালানোর ঘটনাটি ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ (গ্রু)-এর প্রধান পরিচালন বিভাগে একজন শীর্ষ কর্মকর্তা। ইউক্রেন যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এছাড়া ২০২৩ সালের জুনে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে স্বল্পস্থায়ী বিদ্রোহের সময় তাকেও আলোচনার জন্য পাঠানো হয়েছিল। 

২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে সংঘটিত নার্ভ এজেন্ট হামলার ঘটনায় জিআরইউ জড়িত থাকার অভিযোগের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন আলেক্সেয়েভ।

রাশিয়ান তদন্ত কমিটির (আইসিআর) মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো জানান, অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমির আলেক্সেয়েভকে লক্ষ্য করে কয়েকবার গুলি করে এবং ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। । 

তিনি আরও বলেন, এই ঘটনার বিষয়ে হত্যার চেষ্টা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এদিকে আলেক্সেয়েভের ওপর হামলার পেছনে ইউক্রেন জড়িত বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি দাবি করেছেন, আবুধাবিতে চলমান শান্তি আলোচনাকে ভেস্তে দেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাচেষ্টা করেছে ইউক্রেন। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন উচ্চপদস্থ রাশিয়ান সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা হয়েছে। এরমধ্যে কিছু হামলার জন্য কিয়েভ দায় স্বীকার করেছে। সর্বশেষ গত ২২ ডিসেম্বর মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নীচে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে নিহত হন রাশিয়ান জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। সূত্র: রয়টার্স 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪