| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স, যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক বার্তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২১:৫০:২৭:অপরাহ্ন  |  ৬০৯০১৮ বার পঠিত
গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স, যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক বার্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্রমাগত কৌশলগত চাপ ও হুমকির প্রেক্ষাপটে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়ে গ্রিনল্যান্ডে কনস্যুলেট খোলার ঘোষণা দিয়েছে কানাডা ও ফ্রান্স। ন্যাটো মিত্র ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত এই আর্কটিক দ্বীপে কূটনৈতিক উপস্থিতি জোরদার করাকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছে দেশটির কনস্যুলেট উদ্বোধন করেন। কানাডীয় কর্মকর্তারা জানান, এই কনস্যুলেট জলবায়ু পরিবর্তন, আদিবাসী ইনুইট জনগোষ্ঠীর অধিকার এবং আর্কটিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। সফরে তাঁর সঙ্গে ছিলেন কানাডার আদিবাসী বংশোদ্ভূত গভর্নর জেনারেল মেরি সাইমন।

এদিকে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঁ-নোয়েল পুয়্যার গ্রিনল্যান্ডে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর মাধ্যমে গ্রিনল্যান্ডে কনস্যুলেট জেনারেল স্থাপনকারী প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হলো ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন কনসাল জেনারেল সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক খাতে বিদ্যমান সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদারের দায়িত্ব পালন করবেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে পুয়্যার বলেন, গ্রিনল্যান্ডবাসীর অবস্থান সরাসরি শোনা এবং তাদের ইচ্ছা অনুযায়ী ডেনমার্কের সঙ্গে সমন্বয়ে সমর্থন পুনর্ব্যক্ত করাই তাঁর প্রথম অগ্রাধিকার।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘কৌশলগতভাবে অপরিহার্য’ বলে মন্তব্য করেন এবং দ্বীপটির ওপর প্রভাব বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেন। খনিজসম্পদসমৃদ্ধ এই দ্বীপ নিয়ে তাঁর এমন বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে।

তবে গত মাসে ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি কাঠামোগত সমঝোতার কথা উল্লেখ করে গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে কিছুটা সরে আসেন। এর পর যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে আর্কটিক নিরাপত্তা নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে আইসল্যান্ড ২০১৩ সালে নুকে কনস্যুলেট চালু করে। যুক্তরাষ্ট্র ১৯৪০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সেখানে কনস্যুলেট পরিচালনা করলেও ২০২০ সালে তা পুনরায় চালু করে। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪