স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়তে নারী শিক্ষার্থীদের জন্য তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ উদ্যোগে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা। তিনি জানান, এতদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর, আসর ও মাগরিবের নামাজের সময় নারী শিক্ষার্থীদের জন্য অংশবিশেষ খোলা থাকলেও সাধারণত মাগরিবের পর মেয়েদের নামাজের স্থানটি বন্ধ করে দেওয়া হতো। ফলে তারাবির নামাজ আদায়ের সুযোগ ছিল না।
উম্মে সালমা বলেন, রমজান মাসে খতমে তারাবির নামাজ আদায়ের জন্য সব মসজিদে সমান সুযোগ থাকে না। বিশেষ করে আবাসিক নন এমন ছাত্রীদের জন্য ক্যাম্পাসের বাইরে গিয়ে নামাজ আদায় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই বিষয়টি বিবেচনায় নিয়েই কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের স্থান পুরো ৩০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রী অনাবাসিক। তাদের যাতায়াত, নিরাপত্তা ও সময়সংকটের কথা মাথায় রেখে ক্যাম্পাসের ভেতরেই তারাবির সুব্যবস্থা করা জরুরি ছিল। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নারী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ পরিবেশে তারাবির নামাজ আদায় করতে পারেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রমজানজুড়ে এ ব্যবস্থা বহাল থাকবে।
ছাত্রীদের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই মনে করছেন, এটি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় চর্চায় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির একটি ইতিবাচক পদক্ষেপ।
রিপোর্টার্স২৪/বাবি