আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনে অবস্থিত সামরিক ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে The New York Times।
মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে কাতারের আল উবেইদ বিমানঘাঁটি সবচেয়ে বড়। ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘাতের সময় ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান।
বাহরাইনের ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (৫ম ফ্লিট)। তবে কাতার ও বাহরাইন ছাড়া অন্য ছয়টি দেশে অবস্থিত ঘাঁটি থেকে এখনো সেনা সরানো শুরু হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এসব ঘাঁটিতে বর্তমানে ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।
সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তানয় গুতারেস-কে চিঠি দিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানী। ওই চিঠিতে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসী অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সম্পদ ও অবকাঠামোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।
চিঠি পাঠানোর পরপরই কাতার ও বাহরাইন থেকে সেনা অপসারণের সিদ্ধান্ত নেয় পেন্টাগন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা United States Central Command (সেন্টকম)। কেন শুধু কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা সরানো হচ্ছে, এ বিষয়ে সেন্টকমের কাছে জানতে চাইলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
রিপোর্টার্স২৪/এসসি