| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডুরান্ড লাইনে পাকিস্তান-আফগানিস্তান পাল্টাপাল্টি হামলা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ০৮:২৩:৪৯:পূর্বাহ্ন  |  ৪৩৯৮২২ বার পঠিত
ডুরান্ড লাইনে পাকিস্তান-আফগানিস্তান পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে সশস্ত্র সংঘর্ষে রূপ নিয়েছে। সীমান্তে টানটান পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। অপরদিকে পাকিস্তান জানিয়েছে, তাদের বাহিনীও তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় গভীর রাতে ‘তীব্র সংঘর্ষ’ শুরু হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পাকিস্তানের সামরিক মহলের ‘পুনঃপুন উসকানি ও সীমান্ত লঙ্ঘনের’ জবাবে ডুরান্ড লাইনের বিভিন্ন পাকিস্তানি সামরিক স্থাপনায় ব্যাপক আক্রমণ চালানো হয়েছে।

২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত। আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে স্বীকৃতি দেয় না, যা দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন ধরে উত্তেজনার অন্যতম কারণ।

আফগান সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষে ১০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং ১৩টি চৌকি দখল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররাম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা ‘তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া’ দিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, আফগান পক্ষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং একাধিক চৌকি ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। পাকিস্তান সরকারের এক মুখপাত্র বলেন, কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রও জানিয়েছে, ‘উসকানিবিহীন তালেবান আগ্রাসনের’ জবাবে সীমান্তজুড়ে আফগান বাহিনীর ওপর তীব্র পাল্টা আক্রমণ চালানো হচ্ছে। পৃথক এক সূত্রের দাবি, পাকিস্তানের গোলাবর্ষণের মুখে কয়েকজন আফগান সেনা নির্দিষ্ট অবস্থান ত্যাগ করে পালিয়ে যায়।

এর আগে রোববার পাকিস্তানের সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৭০ যোদ্ধাকে হত্যার দাবি করে। তবে তালেবান সরকার সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তান–এর সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। গত অক্টোবরে সীমান্ত সংঘর্ষে উভয়পক্ষে ৭০ জনের বেশি নিহত হওয়ার পর থেকে বিভিন্ন স্থলবন্দর অধিকাংশ সময় বন্ধ রয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আফগানিস্তান ব্যর্থ হচ্ছে। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, তারা অন্য কোনো দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

সীমান্তে চলমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ ও উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                                     সূত্র: আল জাজিরা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪