আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
এদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর এবার বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের জবাবে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে।
বাহরাইন জানিয়েছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। স্থানীয়রা বিস্ফোরণ শুনেছেন এবং আশপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।
এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস লক্ষ্য করে হামলা চালায়। রয়টার্স জানায়, খামেনি ইতোমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন এবং তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পাননি। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো আলোচনার সুযোগ নেই।
রিপোর্টার্স২৪/এসসি