| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিন ছুটি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ০৯:২০:৪৮:পূর্বাহ্ন  |  ৪৩৩১৩৯ বার পঠিত
খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিন ছুটি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম তসনিম নিউজ এজেন্সি এবং ফারস নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হামলায় তাঁর পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এর মধ্যে খামেনির মেয়ে, জামাতা ও এক নাতি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে অবস্থিত খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানি গণমাধ্যমের দাবি, ওই হামলায় প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে হামলার পূর্ণাঙ্গ বিবরণ এবং ক্ষয়ক্ষতির সরকারি বিশদ এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও খামেনির নিহত হওয়ার দাবি করেছেন। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। তাঁর এ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরানের বিভিন্ন শহরে শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। সরকারিভাবে মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কালো পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪০ দিন দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে শোক পালন করা হবে।

বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এবং সম্ভাব্য ক্ষমতার পুনর্বিন্যাস নিয়ে ইতোমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪