| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৪:১৪:৪৩:অপরাহ্ন  |  ৪৩২৬১৯ বার পঠিত
প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)।

ইরনার খবরে বলা হয়, শনিবারের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। এর আগে তেহরান নিশ্চিত করে, একই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুরও প্রাণ হারিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তায় আরও জানানো হয়, সশস্ত্র বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। তাদের নাম পরে প্রকাশ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ ধাপ শুরু হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, তারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও দাবি করে, ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা হবে ‘পরপর আঘাত’। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে উঠেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪