আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম ধাক্কাতেই এক মিনিটের মধ্যে ৪০ জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
রোববার দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরানের পক্ষ থেকে আসা হুমকির জবাবে এটি ছিল একটি আগাম প্রতিরোধমূলক আঘাত। হামলার শুরুতেই তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে বিমান হামলা চালানো হয়।
আইডিএফের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়,ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কয়েকজন একই স্থানে বৈঠকে ছিলেন। সেই তথ্যের ওপর ভিত্তি করেই হামলার সময় পরিবর্তন করে সকালে আঘাত হানা হয়।
নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আবদুর রহিম মুসাভি রয়েছেন বলে দাবি করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান খামেনির কমপাউন্ডে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করে, যাতে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ইসরায়েল সময় শনিবার সকাল ৬টায় অভিযান শুরু হয় এবং তেহরান সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে লক্ষ্যবস্তুতে বোমা আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব তথ্য ইসরায়েলি বাহিনীর দাবি,স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।
রিপোর্টার্স২৪/এসসি