আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো মার্কিন সেনাদের প্রাণহানি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে তিনজন মার্কিন সেনা ‘কিলড ইন অ্যাকশন’ (কেআইএ) বা সরাসরি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন।
সেন্টকমের বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না যতক্ষণ না তাদের পরিবারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জানানো হয়। পাশাপাশি আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন, যারা পুনরায় কাজে ফিরবেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান এখনও চলছে এবং পরিস্থিতি নিয়মিত পরিবর্তন হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই সতর্ক করেছিলেন, যুদ্ধে আমাদের বীর সেনাদের জীবন উৎসর্গ হতে পারে। হতাহতের ঘটনা ঘটতে পারে।
একই সঙ্গে সেন্টকম দাবি করেছে, ওমান উপসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে। জামারান-শ্রেণির করভেট জাহাজটি বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চল, চাবাহার বন্দরের কাছে ডুবে যাচ্ছে। ইরান থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন অনিশ্চয়তার দিকে ঠেলেছে। সূত্র: আল-জাজিরা
রিপোর্টার্স২৪/এসসি