আন্তর্জাতিক ডেস্ক
জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার (৪ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত সেনারা হলেন—অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।
প্রকাশিত ফুটেজে দেখা যায়, প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে থাকা সেনাবাহিনীর গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্ঘটনাস্থলে সেনাদের মৃতদেহ, তাদের ব্যক্তিগত জিনিসপত্র এবং কিছু কাগজপত্র ছড়িয়ে আছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় গাড়িটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্যাটারি চাশমা এলাকায় স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব