| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধে প্রথম নিহত মার্কিন সেনার পরিচয় প্রকাশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৩:২৩:৪৯:অপরাহ্ন  |  ৪১১০৭১ বার পঠিত
যুদ্ধে প্রথম নিহত মার্কিন সেনার পরিচয় প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিহত প্রথম চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সংঘাত তীব্রতর হলে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন প্রেসিডেন্ট প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মার্কিন সামরিক বাহিনী জানায়, এখন পর্যন্ত যুদ্ধে ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে চারজনই আইওয়া-ভিত্তিক ইউএস আর্মি রিজার্ভের একটি ইউনিটের সদস্য। গত রোববার কুয়েতের পোর্ট শুয়াইবায় অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় তারা নিহত হন।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, নিহতরা ২০ থেকে ৪২ বছর বয়সী এবং ডেস মইনস, আইওয়া-ভিত্তিক ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডে কর্মরত ছিলেন। এই ইউনিটটি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বৈশ্বিক সরবরাহ ও লজিস্টিক কার্যক্রমের অংশ।

নিহত চার সেনা হলেন—

ক্যাপ্টেন কোডি এ. খর্ক (৩৫), ফ্লোরিডার উইন্টার হ্যাভেন

সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল. টিয়েটজেন্স (৪২), নেব্রাস্কার বেলভিউ

সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. অ্যামর (৩৯), মিনেসোটার হোয়াইট বেয়ার লেক

সার্জেন্ট ডেকলান জে. কোডি (২০), আইওয়ার ওয়েস্ট ডেস মইনস

পেন্টাগন এক বিবৃতিতে জানায়, চারজনই  ইউনাইটেড স্টেটস আর্মি রিজার্ভর সদস্য ছিলেন এবং লজিস্টিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

৭৯তম থিয়েটার সাসটেইনমেন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল টড এরস্কিন নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সামরিক সূত্রে জানা গেছে, নিহতদের বেশিরভাগেরই বিদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল। খর্ক ২০১৮ সালে সৌদি আরব, ২০২১ সালে কিউবার গুয়ান্তানামো বে এবং ২০২৪ সালে পোল্যান্ডে দায়িত্ব পালন করেন। অ্যামর ২০১৯ সালে কুয়েত ও ইরাকে মোতায়েন ছিলেন। টিয়েটজেন্স ২০০৯ ও ২০১৯ সালে কুয়েতে দুই দফা দায়িত্ব পালন করেন। কোডি ২০২৩ সালে আর্মি রিজার্ভে যোগ দেন এবং মৃত্যুর পর তাকে স্পেশালিস্ট পদ থেকে পদোন্নতি দেওয়া হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, ইরান পাল্টা হামলা অব্যাহত রাখলে আরও মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটতে পারে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলায় ৫০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুই হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে।

মঙ্গলবার কংগ্রেস সদস্যদের সঙ্গে এক গোপন বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio পরিস্থিতি নিয়ে ব্রিফিং দেন। বৈঠক শেষে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, কর্মকর্তারা তাদের জানিয়েছেন যে ভবিষ্যতে আরও মার্কিন নাগরিক নিহত হতে পারেন এবং সব ড্রোন প্রতিহত করা সম্ভব নাও হতে পারে।

রয়টার্স জানায়, কুয়েতের যে সামরিক স্থাপনায় হামলাটি হয়, সেটি কংক্রিটের সুরক্ষা দেয়াল দিয়ে ঘেরা ছিল; তবে ছাদে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ছিল না। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার আগে কোনো সতর্কসংকেতও বেজে ওঠেনি বলে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪