| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে মার্কিন হামলা: অস্থির বৈশ্বিক বাজার,জ্বালানির দামে ঊর্ধ্বগতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৪:৪৫:৫০:অপরাহ্ন  |  ৪১১০৬১ বার পঠিত
ইরানে মার্কিন হামলা: অস্থির বৈশ্বিক বাজার,জ্বালানির দামে ঊর্ধ্বগতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা সামরিক অভিযান নির্ধারিত পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন অভিযানের প্রধান কমান্ডার। তবে যুদ্ধ পঞ্চম দিনে গড়াতেই বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে; শেয়ারবাজারে ধস নেমেছে এবং জ্বালানির দাম দ্রুত বাড়ছে।

মার্কিন বাহিনী ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রেখেছে। বুধবার ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টার লক্ষ্য করে নতুন করে বিস্তৃত হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও ব্রিফিংয়ে জানান, প্রায় ৫০ হাজার সেনা, ২০০ যুদ্ধবিমান ও দুটি বিমানবাহী রণতরী এই অভিযানে অংশ নিচ্ছে। সমুদ্রতল, আকাশ, সাইবার ও মহাকাশ—সব ক্ষেত্রেই হামলা পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কুপারের ভাষ্য, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়েছে, গুরুত্বপূর্ণ জলপথে দেশটির নৌবাহিনীর ১৭টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে এবং দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। “আমাদের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে—আমরা নির্ধারিত পরিকল্পনার চেয়ে এগিয়ে আছি,” বলেন তিনি।

পাল্টা হামলা অব্যাহত

তবে প্রাথমিকভাবে দ্রুত ফল পাওয়ার যে আশা ছিল, তা পূরণ হয়নি। ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। অভিযানের শুরুতেই নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দিয়েছে তেহরান। ইরান এই যুদ্ধকে ‘উসকানিহীন আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েল ধ্বংসের পরিকল্পনায় জড়িত ইরানি নেতৃত্বকে ‘নির্বিচার লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। বুধবার তেহরানের পূর্বাঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েলের ভেতরেও বিমান হামলার সাইরেন বেজেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে।

জ্বালানি সরবরাহে চাপ

সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার দাবি করেছে। কাতার, ইরাকসহ কয়েকটি দেশে উৎপাদন কমানো বা স্থগিত করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, হরমুজ প্রণালি তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ এবং সতর্কতা অমান্য করা একাধিক ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারাপারে নিরাপত্তা দেবে। তবে বিশ্লেষকদের মতে, এতে বাজারের উদ্বেগ কমবে কি না তা স্পষ্ট নয়।

বাজারে ধস, ফ্লাইট বাতিল

দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কায় বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এশিয়ার শেয়ারবাজারে বড় পতন হয়েছে, বিশেষ করে সিউলে রেকর্ডমাত্রার ধস নেমেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও মার্কিন ডলারের চাহিদা বেড়েছে। মধ্যপ্রাচ্যে ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় বিমান ও পর্যটন খাতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভূমধ্যসাগরে একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের বাইরে পরিচালিত হয়েছে যা ফ্রান্স সমর্থন করে না। ইউরোপের অন্যান্য মিত্র দেশগুলো পশ্চিমা স্থাপনাগুলো রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিলেও সরাসরি অভিযানে যুক্ত হয়নি।

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কংগ্রেসকে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তবে কংগ্রেসের কিছু সদস্য বিদেশে সেনা মোতায়েনের আগে আইনসভায় অনুমোদনের দাবি তুলেছেন। ট্রাম্প স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনা নাকচ করেননি।

ইরানের দাবি অনুযায়ী, হামলায় মৃতের সংখ্যা ৭৮৭-এ পৌঁছেছে। এর মধ্যে প্রথম দিনে একটি স্কুলে বোমা হামলায় নিহত ১৬৫ কিশোরীও রয়েছে বলে তেহরান জানিয়েছে।

যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব গভীর হওয়ার আশঙ্কা বাড়ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪