আন্তর্জাতিক ডেস্ক: ইরানে কুর্দি যোদ্ধাদের স্থল অভিযান চালানোর দাবি সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছে তেহরান। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে ইরাকের কুর্দি কর্তৃপক্ষও।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইরানের বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইরাক সীমান্তে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং সীমান্ত সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে।
এদিকে, ‘কুর্দিস্তান আঞ্চলিক সরকার’ এক বিবৃতিতে বলেছে, তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে কোনো যোদ্ধা ইরানে প্রবেশ করেনি।
এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ, দ্যা নিউইয়র্ক টাইমস এবং ইসরায়েলি দৈনিক দ্যা জেরুজালেম পোস্ট, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করে, ইরাকি সীমান্তসংলগ্ন এলাকা থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করেছে।
তবে কুর্দি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এসোসিয়েট প্রেস-কে জানান, তাদের কয়েক হাজার যোদ্ধা সীমান্তবর্তী সোলেমানশাহ প্রদেশে অবস্থান করছে। পরিস্থিতি অনুকূলে এলে বা যুক্তরাষ্ট্রের নির্দেশনা পেলে তারা ইরানে প্রবেশ করতে পারে—এমন সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
পরস্পরবিরোধী এসব বক্তব্যের ফলে সীমান্ত পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের তথ্য-যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।