আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেছেন, ট্রাম্পকে এর মূল্য দিতেই হবে, আমরা তাকে ছেড়ে দেব না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। এই হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলি লারিজানি বলেন, আমাদের নেতা ও জনগণের রক্তের প্রতিশোধ আমরা অবিরাম নেব। ট্রাম্পকে এর মূল্য দিতেই হবে এবং সে মূল্য তাকে দিতেই হবে।
ট্রাম্পের প্রতিক্রিয়া
লারিজানির হুমকিকে গুরুত্ব দেননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সে কী বলছে বা সে কে—আমি জানিই না। এতে আমার কিছু যায় আসে না।
ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা চলতে থাকবে এবং তেহরানের কাছে তিনি “নিঃশর্ত আত্মসমর্পণ” দাবি করেছেন।
প্রতিবেশী দেশগুলোকেও সতর্কবার্তা
আরেকটি পোস্টে লারিজানি ইরানের প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেন। তিনি বলেন, যদি তারা তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে বাধা না দেয়, তবে ইরান নিজেই পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তার ভাষায়, যখন শত্রু অঞ্চলটির ঘাঁটি থেকে আমাদের ওপর হামলা চালায়, আমরা প্রতিক্রিয়া জানাই এবং আমরা তা অব্যাহত রাখব।তিনি আরও দাবি করেন, ইরান কিছু মার্কিন সেনাকেও আটক করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, আমরা ট্রাম্পকে ছেড়ে দেব না। তিনি আমাদের নেতাকে হত্যা করেছেন এবং এক হাজারের বেশি মানুষকে শহীদ করেছেন। এটি কোনো ছোট ঘটনা নয়।
যুদ্ধ পরিস্থিতি
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইরানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলেও এক ডজনের বেশি মানুষ মারা গেছে এবং অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান আসন্ন হুমকি হয়ে উঠেছিল বলেই তারা আগাম হামলা চালিয়েছে।ট্রাম্প বলেন, আমরা যদি আগে পদক্ষেপ না নিতাম, তাহলে তারা ইসরায়েলের ওপর হামলা চালাত।
রিপোর্টার্স২৪/এসসি