আন্তর্জাতিক ডেস্ক: ইরান জানিয়েছে, বর্তমান গতিতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই দাবি করেছে।
ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নৈনী রোববার বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান অপারেশনের গতিতে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।
তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সঙ্গে সম্পর্কিত ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আকাশপথে নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের
এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সব শক্তি দিয়ে চালিয়ে যাবে তার দেশ। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইতোমধ্যে তেহরানের আকাশপথের ওপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
সংঘাতের সূচনা
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দেয় ‘এপিক ফিউরি’, আর ইসরায়েল একে আখ্যা দেয় ‘সিংহের গর্জন’।
এই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও জর্ডানে থাকা মার্কিন স্থাপনাগুলো।
আত্মসমর্পণ করবে না ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।তিনি বলেন, ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণের যে আশা শত্রুরা করছে, সেই আশা তাদের কবরে নিয়েই যেতে হবে।
তবে তিনি উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেন, ইরান তার প্রতিবেশীদের লক্ষ্য করবে না,যদি না তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়।
অন্যদিকে ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই সতর্ক করে বলেছেন, যদি আঞ্চলিক দেশগুলো তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়, তবে সেই লক্ষ্যবস্তুতেও হামলা অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসসি