আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা কোনো যুদ্ধবিরতি চান না। তার মতে, ইরানের ওপর যে আগ্রাসন ও হামলা চালানো হয়েছে, তার জন্য দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে।
স্থানীয় সময় রোববার রাতে রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
তিনি আরও বলেন, যদি শত্রুরা আমাদের ওপর অন্য কোনো দেশ বা ঘাঁটি ব্যবহার করে হামলা চালায়, তাহলে তেহরান অবশ্যই তার উপযুক্ত জবাব দেবে। তার মতে, ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলার পেছনে যারা জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে।
গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সেই হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে এবং সংঘাত শুরু হয়। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘাত শুরু হওয়ার পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে তারা এখনই কোনো আগ্রহ দেখাচ্ছেন না এবং হামলার জবাব না দেওয়া পর্যন্ত ইরান তার অবস্থান থেকে সরে আসবে না।
রিপোর্টার্স২৪/বাবি