আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর চলমান হামলার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে ‘ভণ্ডামি’ ও দ্বিমুখী নীতি বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, আগ্রাসনের মুখে নিজেদের আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।
বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন ;পোস্টে তিনি অভিযোগ করেন,ইউরোপীয় ইউনিয়ন বারবার আগ্রাসনকারীদের তুষ্ট করার পথ বেছে নিচ্ছে এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে তাদেরই প্রশ্রয় দিচ্ছে।বাকায়ি বলেন, ইউরোপ তার নৈতিক ও রাজনৈতিক দিকনির্দেশনা হারিয়ে ফেলেছে।
তিনি সরাসরি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কলসকে উদ্দেশ করে বলেন, ইউরোপের স্বীকার করা উচিত যে ইরান “নির্মম আগ্রাসনের” শিকার হয়েছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের জনগণকে রক্ষার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
ইরানের এই মুখপাত্র আরও দাবি করেন, তেহরান নির্বিচারে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। বরং যেসব সামরিক ঘাঁটি ও স্থাপনা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানো হচ্ছে, সেগুলোই লক্ষ্যবস্তু করা হচ্ছে।ইরান বলছে, তাদের এই পদক্ষেপ আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ এবং আন্তর্জাতিক আইনের মধ্যেই পড়ে।
রিপোর্টার্স২৪/এসসি